Showing posts with label বাংলা কম্পিউটিং. Show all posts
Showing posts with label বাংলা কম্পিউটিং. Show all posts

Thursday, October 29, 2009

২০০ ফ্রি বাংলা ইউনিকোড ফন্ট ডাউনলোড করুন ।

সম্প্রতি ভারত সরকারের যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দ্বারা প্রকাশিত বাংলা সফটওয়্যারের সিডিতে বেশ কিছু বাংলা ইউনিকোড ফন্ট পেলাম । এর মধ্যে বেশ কিছু ফন্টের কোয়ালিটি খারাপ এবং নানা রকমের সমস্যা থাকলেও অনেক ফন্টই বেশ ভালো এবং ব্যবহার যোগ্য । তাই ফন্টগুলি আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । ফন্টগুলির লাইসেন্সের ব্যাপারে বিস্তারিত তথ্য আমার কাছে নেই তবে যে সিডি থেকে নেওয়া সেটি বিনামূল্যে বিতরন করা হয় । তাই কমার্শিয়াল ব্যবহারের ব্যাপারে সাবধান ।

ডাউনলোড লিঙ্ক - ক্লিক করুন এখানে

আরও জানুন:
http://ildc.gov.in
http://ildc.in
http://cdac.in

Friday, November 14, 2008

বাংলা যুক্তবর্ণের তালিকা


যুক্তবর্ণ বলতে একাধিক ব্যঞ্জনবর্ণের সমষ্টিকে বোঝানো হয়েছে। বাংলা লিখনপদ্ধতিতে যুক্তবর্ণের একটি বিশেষ স্থান আছে। এগুলি বেশির ভাগ ক্ষেত্রেই উপাদান বর্ণগুলির চেয়ে দেখতে ভিন্ন, ফলে নতুন শিক্ষার্থীর এগুলি লেখা আয়ত্ত করতে সময়ের প্রয়োজন হয়।

যুক্তবর্ণগুলি বাংলা লিখন পদ্ধতির বৈশিষ্ট্য। উচ্চারিত ধ্বনির সাথে এগুলির উপাদান ব্যঞ্জনবর্ণের নির্দেশিত ধ্বনির সবসময় সরাসরি সম্পর্ক না-ও থাকতে পারে। যেমন - পক্ব -এর উচ্চারণ পক্‌কো; বানানে ব-ফলা থাকলেও উচ্চারণে ব ধ্বনিটি অনুপস্থিত। রুক্ষ-এর উচ্চারণ রুক্‌খো; বানানের নিয়ম অনুযায়ী ক্ষ যুক্তবর্ণটি ক ও ষ-এর যুক্তরূপ হলেও উচ্চারণ হয় ক্‌খ। বানান ও ধ্বনির এই অনিয়মও শিক্ষার্থীর জন্য যুক্তবর্ণের সঠিক ব্যবহারে একটি বাধা হয়ে দাঁড়ায়।

নিচের যুক্তবর্ণের তালিকাটি বাংলা সঠিকভাবে লিখতে সহায়ক হতে পারে। এখানে বাংলায় ব্যবহৃত ২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায় প্রচলিত নয়।




1. ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
2. ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
3. ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
4. ক্ত = ক + ত; যেমন- রক্ত
5. ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র
6. ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
7. ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
8. ক্য = ক + য; যেমন- বাক্য
9. ক্র = ক + র; যেমন- চক্র
10. ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি
11. ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
12. ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
13. ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
14. ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
15. ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
16. ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
17. ক্স = ক + স; যেমন- বাক্স
18. খ্য = খ + য; যেমন- সখ্য
19. খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
20. গ্‌ণ = গ + ণ; যেমন - রুগ্‌ণ
21. গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
22. গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
23. গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
24. গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
25. গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র, অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
26. গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
27. গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
28. গ্য = গ + য; যেমন- ভাগ্য
29. গ্র = গ + র; যেমন- গ্রাম
30. গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য, গ্র্যাজুয়েট
31. গ্ল = গ + ল; যেমন- গ্লানি
32. ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
33. ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
34. ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
35. ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
36. ঙ্‌ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্‌ক্তি
37. ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
38. ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
39. ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
40. ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ
41. ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ, ব্যঙ্গ্যোক্তি
42. ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
43. ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
44. ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি
45. ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়
46. চ্চ = চ + চ; যেমন- বাচ্চা
47. চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা
48. চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস
49. চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়
50. চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা
51. চ্ব = চ + ব; যেমন- চ্বী
52. চ্য = চ + য; যেমন- প্রাচ্য
53. জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক
54. জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল
55. জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা
56. জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান
57. জ্ব = জ + ব; যেমন- জ্বর
58. জ্য = জ + য; যেমন- রাজ্য
59. জ্র = জ + র; যেমন- বজ্র
60. ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল
61. ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা
62. ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ
63. ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা
64. ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম
65. ট্ব = ট + ব; যেমন- খট্বা
66. ট্ম = ট + ম; যেমন- কুট্মল
67. ট্য = ট + য; যেমন- নাট্য
68. ট্র = ট + র; যেমন- ট্রেন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
69. ড্ড = ড + ড; যেমন- আড্ডা
70. ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান
71. ড্য = ড + য; যেমন- জাড্য
72. ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
73. ড়্গ = ড় + গ; যেমন- খড়্‌গ
74. ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য
75. ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র (ত্বক) (মন্তব্য: অত্যন্ত বিরল)
76. ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা
77. ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ
78. ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য
79. ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল
80. ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য
81. ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র
82. ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ
83. ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ
84. ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর
85. ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়
86. ণ্য = ণ + য; যেমন- পূণ্য
87. ৎক = ত + ক; যেমন- উৎকট
88. ত্ত = ত + ত; যেমন- উত্তর
89. ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব
90. ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত
91. ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ
92. ত্ন = ত + ন; যেমন- যত্ন
93. ত্ব = ত + ব; যেমন- রাজত্ব
94. ত্ম = ত + ম; যেমন- আত্মা
95. ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য
96. ত্য = ত + য; যেমন- সত্য
97. ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ
98. ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য
99. ৎল = ত + ল; যেমন- কাৎলা
100. ৎস = ত + স; যেমন- বৎসর, উৎসব
101. থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী
102. থ্য = থ + য; যেমন- পথ্য
103. থ্র = থ + র; যেমন- থ্রি (three) (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
104. দ্গ = দ + গ; যেমন- উদ্গম
105. দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন
106. দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য
107. দ্দ্ব = দ + দ + ব; যেমন- তদ্দ্বারা
108. দ্ধ = দ + ধ; যেমন- রুদ্ধ
109. দ্ব = দ + ব; যেমন- বিদ্বান
110. দ্ভ = দ + ভ; যেমন- অদ্ভুত
111. দ্ভ্র = দ + ভ + র; যেমন- উদ্ভ্রান্ত
112. দ্ম = দ + ম; যেমন- ছদ্ম
113. দ্য = দ + য; যেমন- বাদ্য
114. দ্র = দ + র; যেমন- রুদ্র
115. দ্র্য = দ + র + য; যেমন- দারিদ্র্য
116. ধ্ন = ধ + ন; যেমন- অর্থগৃধ্নু
117. ধ্ব = ধ + ব; যেমন- ধ্বনি
118. ধ্ম = ধ + ম; যেমন- উদরাধ্মান
119. ধ্য = ধ + য; যেমন- আরাধ্য
120. ধ্র = ধ + র; যেমন- ধ্রুব
121. ন্ট = ন + ট; যেমন- প্যান্ট (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
122. ন্ট্র = ন + ট + র; যেমন- কন্ট্রোল (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
123. ন্ঠ = ন + ঠ; যেমন- লন্ঠন
124. ন্ড = ন + ড; যেমন- গন্ডার, পাউন্ড
125. ন্ড্র = ন + ড + র; যেমন- হান্ড্রেড
126. ন্ত = ন + ত; যেমন- জীবন্ত
127. ন্ত্ব = ন + ত + ব; যেমন- সান্ত্বনা
128. ন্ত্য = ন + ত + য; যেমন- অন্ত্য
129. ন্ত্র = ন + ত + র; যেমন- মন্ত্র
130. ন্ত্র্য = ন + ত + র + য; যেমন- স্বাতন্ত্র্য
131. ন্থ = ন + থ; যেমন- গ্রন্থ
132. ন্থ্র = ন + থ + র; যেমন- অ্যান্থ্রাক্স (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
133. ন্দ = ন + দ; যেমন- ছন্দ
134. ন্দ্য = ন + দ + য; যেমন- অনিন্দ্য
135. ন্দ্ব = ন + দ + ব; যেমন- দ্বন্দ্ব
136. ন্দ্র = ন + দ + র; যেমন- কেন্দ্র
137. ন্ধ = ন + ধ; যেমন- অন্ধ
138. ন্ধ্য = ন + ধ + য; যেমন- বিন্ধ্য
139. ন্ধ্র = ন + ধ + র; যেমন- রন্ধ্র
140. ন্ন = ন + ন; যেমন- নবান্ন
141. ন্ব = ন + ব; যেমন- ধন্বন্তরি
142. ন্ম = ন + ম; যেমন- চিন্ময়
143. ন্য = ন + য; যেমন- ধন্য
144. প্ট = প + ট; যেমন- পাটি-সাপ্টা, ক্যাপ্টেন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
145. প্ত = প + ত; যেমন- সুপ্ত
146. প্ন = প + ন; যেমন- স্বপ্ন
147. প্প = প + প; যেমন- ধাপ্পা
148. প্য = প + য; যেমন- প্রাপ্য
149. প্র = প + র; যেমন- ক্ষিপ্র
150. প্র্য = প + র + য; যেমন- প্র্যাকটিস (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
151. প্ল = প + ল; যেমন-আপ্লুত
152. প্স = প + স; যেমন- লিপ্সা
153. ফ্র = ফ + র; যেমন- ফ্রক, ফ্রিজ, আফ্রিকা, রেফ্রিজারেটর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
154. ফ্ল = ফ + ল; যেমন- ফ্লেভার (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
155. ব্জ = ব + জ; যেমন- ন্যুব্জ
156. ব্দ = ব + দ; যেমন- জব্দ
157. ব্ধ = ব + ধ; যেমন- লব্ধ
158. ব্ব = ব + ব; যেমন- ডাব্বা
159. ব্য = ব + য; যেমন- দাতব্য
160. ব্র = ব + র; যেমন- ব্রাহ্মণ
161. ব্ল = ব + ল; যেমন- ব্লাউজ
162. ভ্ব =ভ + ব; যেমন- ভ্বা
163. ভ্য = ভ + য; যেমন- সভ্য
164. ভ্র = ভ + র; যেমন- শুভ্র
165. ম্ন = ম + ন; যেমন- নিম্ন
166. ম্প = ম + প; যেমন- কম্প
167. ম্প্র = ম + প + র; যেমন- সম্প্রতি
168. ম্ফ = ম + ফ; যেমন- লম্ফ
169. ম্ব = ম + ব; যেমন- প্রতিবিম্ব
170. ম্ব্র = ম + ব + র; যেমন- মেম্ব্রেন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
171. ম্ভ = ম + ভ; যেমন- দম্ভ
172. ম্ভ্র = ম + ভ + র; যেমন- সম্ভ্রম
173. ম্ম = ম + ম; যেমন- সম্মান
174. ম্য = ম + য; যেমন- গ্রাম্য
175. ম্র = ম + র; যেমন- নম্র
176. ম্ল = ম + ল; যেমন- অম্ল
177. য্য = য + য; যেমন- ন্যায্য
178. র্ক = র + ক; যেমন - তর্ক
179. র্ক্য = র + ক + য; যেমন- অতর্ক্য (তর্ক দিয়ে যার সমাধান হয় না)
180. র্গ্য = র + গ + য; যেমন - বর্গ্য (বর্গসম্বন্ধীয়)
181. র্ঘ্য = র + ঘ + য; যেমন- দৈর্ঘ্য
182. র্চ্য = র + চ + য; যেমন- অর্চ্য (পূজনীয়)
183. র্জ্য = র + জ + য; যেমন- বর্জ্য
184. র্ণ্য = র + ণ + য; যেমন- বৈবর্ণ্য (বিবর্ণতা)
185. র্ত্য = র + ত + য; যেমন- মর্ত্য
186. র্থ্য = র + থ + য; যেমন- সামর্থ্য
187. র্ব্য = র + ব + য; যেমন- নৈর্ব্যক্তিক
188. র্ম্য = র + ম + য; যেমন- নৈষ্কর্ম্য
189. র্শ্য = র + শ + য; যেমন- অস্পর্শ্য
190. র্ষ্য = র + ষ + য; যেমন- ঔৎকর্ষ্য
191. র্হ্য = র + হ + য; যেমন- গর্হ্য
192. র্খ = র + খ; যেমন- মূর্খ
193. র্গ = র + গ; যেমন- দুর্গ
194. র্গ্র = র + গ + র; যেমন- দুর্গ্রহ, নির্গ্রন্হ
195. র্ঘ = র + ঘ; যেমন- দীর্ঘ
196. র্চ = র + চ; যেমন- অর্চনা
197. র্ছ = র + ছ; যেমন- মূর্ছনা
198. র্জ = র + জ; যেমন- অর্জন
199. র্ঝ = র + ঝ; যেমন- নির্ঝর
200. র্ট = র + ট; যেমন- আর্ট, কোর্ট, কম্ফর্টার, শার্ট, কার্টিজ, আর্টিস্ট, পোর্টম্যানটো, সার্টিফিকেট, কনসার্ট, কার্টুন, কোয়ার্টার (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
201. র্ড = র + ড; যেমন- অর্ডার, লর্ড, বর্ডার, কার্ড (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
202. র্ণ = র + ণ; যেমন- বর্ণ
203. র্ত = র + ত; যেমন- ক্ষুধার্ত
204. র্ত্র = র + ত + র; যেমন- কর্ত্রী
205. র্থ = র + থ; যেমন- অর্থ
206. র্দ = র + দ; যেমন- নির্দয়
207. র্দ্ব = র + দ + ব; যেমন- নির্দ্বিধা
208. র্দ্র = র + দ + র; যেমন- আর্দ্র
209. র্ধ = র + ধ; যেমন- গোলার্ধ
210. র্ধ্ব = র + ধ + ব; যেমন- ঊর্ধ্ব
211. র্ন = র + ন; যেমন- দুর্নাম
212. র্প = র + প; যেমন- দর্প
213. র্ফ = র + ফ; যেমন- স্কার্ফ (মন্তব্য: মূলত ইংরেজি ও আরবী-ফার্সি কৃতঋণ শব্দে ব্যবহৃত)
214. র্ভ = র + ভ; যেমন- গর্ভ
215. র্ম = র + ম; যেমন- ধর্ম
216. র্য = র + য; যেমন- আর্য
217. র্ল = র + ল; যেমন- দুর্লভ
218. র্শ = র + শ; যেমন- স্পর্শ
219. র্শ্ব = র+ শ + ব; যেমন- পার্শ্ব
220. র্ষ = র + ষ; যেমন- ঘর্ষণ
221. র্স = র + স; যেমন- জার্সি, নার্স, পার্সেল, কুর্সি (মন্তব্য: মূলত ইংরেজি ও আরবী-ফার্সি কৃতঋণ শব্দে ব্যবহৃত)
222. র্হ = র + হ; যেমন- গার্হস্থ্য
223. র্ঢ্য = র + ঢ + য; যেমন- দার্ঢ্য (অর্থাৎ দৃঢ়তা)
224. ল্ক = ল + ক; যেমন- শুল্ক
225. ল্ক্য = ল + ক + য; যেমন- যাজ্ঞবল্ক্য
226. ল্গ = ল + গ; যেমন- বল্গা
227. ল্ট = ল + ট; যেমন- উল্টো
228. ল্ড = ল + ড; যেমন- ফিল্ডিং (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
229. ল্প = ল + প; যেমন- বিকল্প
230. ল্‌ফ = ল + ফ; যেমন- গল্‌ফ (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
231. ল্ব = ল + ব; যেমন- বিল্ব, বাল্ব
232. ল্‌ভ = ল + ভ; যেমন- প্রগল্‌ভ
233. ল্ম = ল + ম; যেমন- গুল্ম
234. ল্য = ল + য; যেমন- তারল্য
235. ল্ল = ল + ল; যেমন- উল্লাস
236. শ্চ = শ + চ; যেমন- পুনশ্চ
237. শ্ছ = শ + ছ; যেমন- শিরশ্ছেদ
238. শ্ন = শ + ন; যেমন- প্রশ্ন
239. শ্ব = শ + ব; যেমন- বিশ্ব
240. শ্ম = শ + ম; যেমন- জীবাশ্ম
241. শ্য = শ + য; যেমন- অবশ্য
242. শ্র = শ + র; যেমন- মিশ্র
243. শ্ল = শ + ল; যেমন- অশ্লীল
244. ষ্ক = ষ + ক; যেমন- শুষ্ক
245. ষ্ক্র = ষ + ক + র; যেমন- নিষ্ক্রিয়
246. ষ্ট = ষ + ট; যেমন- কষ্ট
247. ষ্ট্য = ষ + ট + য; যেমন- বৈশিষ্ট্য
248. ষ্ট্র = ষ + ট + র; যেমন- রাষ্ট্র
249. ষ্ঠ = ষ + ঠ; যেমন- শ্রেষ্ঠ
250. ষ্ঠ্য = ষ + ঠ + য; যেমন- নিষ্ঠ্যূত
251. ষ্ণ = ষ + ণ; যেমন- কৃষ্ণ
252. ষ্প = ষ + প; যেমন- নিষ্পাপ
253. ষ্প্র = ষ + প + র; যেমন- নিষ্প্রয়োজন
254. ষ্ফ = ষ + ফ; যেমন- নিষ্ফল
255. ষ্ব = ষ + ব; যেমন- মাতৃষ্বসা
256. ষ্ম = ষ + ম; যেমন- উষ্ম
257. ষ্য = ষ + য; যেমন- শিষ্য
258. স্ক = স + ক; যেমন- মনোস্কামনা
259. স্ক্র = স + ক্র; যেমন- ইস্ক্রু (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
260. স্খ = স + খ; যেমন- স্খলন
261. স্ট = স + ট; যেমন- স্টেশন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
262. স্ট্র = স + ট্র; যেমন- স্ট্রাইক (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
263. স্ত = স + ত; যেমন- ব্যস্ত
264. স্ত্ব = স + ত + ব; যেমন- বহিস্ত্বক
265. স্ত্য = স + ত + য; যেমন-অস্ত্যর্থ
266. স্ত্র = স + ত + র; যেমন- স্ত্রী
267. স্থ = স + থ; যেমন- দুঃস্থ
268. স্থ্য = স + থ + য; যেমন- স্বাস্থ্য
269. স্ন = স + ন; যেমন- স্নান
270. স্প = স + প; যেমন- আস্পর্ধা
271. স্প্র = স + প +র; যেমন- স্প্রিং (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
272. স্প্‌ল = স + প + ল; যেমন- স্প্‌লিন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
273. স্ফ = স + ফ; যেমন- আস্ফালন
274. স্ব = স + ব; যেমন- স্বর
275. স্ম = স + ম; যেমন- স্মরণ
276. স্য = স + য; যেমন- শস্য
277. স্র = স + র; যেমন- অজস্র
278. স্ল = স + ল; যেমন- স্লোগান
279. হ্ণ = হ + ণ; যেমন- অপরাহ্ণ
280. হ্ন = হ + ন; যেমন- চিহ্ন
281. হ্ব = হ + ব; যেমন- আহ্বান
282. হ্ম = হ + ম; যেমন- ব্রাহ্মণ
283. হ্য = হ + য; যেমন- বাহ্য
284. হ্র = হ + র; যেমন- হ্রদ
285. হ্ল = হ + ল; যেমন- আহ্লাদ


মন্তব্য

১) র্য-কে যুক্তবর্ণ ধরা হয়েছে, কেননা এটি র ও য-এর সমষ্টি। অন্যদিকে র‌্যাব, র‌্যাম, র‌্যাঁদা, ইত্যাদিতে উপস্থিত র‌্য-কে যুক্তবর্ণ হিসেবে ধরা হয়নি, কেননা এটি আসলে র‌্যা-এর অংশ, আর র‌্যা হল র ব্যঞ্জনধ্বনি এবং অ্যা স্বরধ্বনির মিলিত রূপ।

Sunday, June 01, 2008

জিমেল এখন বাংলায়

অনেকদিন আগে থেকেই ইউনিকোড বাংলায় জিমেলে লেখা যেত এবং মেল ফরোয়ার্ড করা যেত । এখন জিমেলের ইন্টারফেসও ইচ্ছা করলে বাংলায় পরিবর্তন করে নেওয়া যেতে পারে । আঞ্চলিক ভাষায় কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের জন্য এটা একটা বড় পদক্ষেপ ।

জি মেলের বাংলা ইন্টারফেস আনার জন্য যা করতে হবে ।

১. অবশ্যই আপনার কম্পিউটারে ইউনিকোড বাংলার জন্য প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে । এবং কমপক্ষে একটি বাংলা ইউনিকোড ফন্ট কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে ।
২. জিমেলে ঢুকে ডানদিকে উপরে সেটিংস ট্যাবে চলে যান ।
৩.এবার দেখুন সেটিংসের প্রথম অপশনই হল ল্যাঙ্গুয়েজ অপশন । এখানে ড্রপডাউনে ভাষা বাংলা করে দিন ।
৪. তারপর পাতার নিচে গিয়ে সেভ চেঞ্জেস করুন ।

দেখুন এবার আপনার জিমেল বাংলায় হয়ে গেছে ।

Monday, February 11, 2008

বাংলা উইকিপিডিয়া -- পশ্চিমবঙ্গের মানুষদের বলছি

আমরা কথায় কথায় বলি যে আমরা তথ্যপ্রযুক্তির যুগে বসবাস করছি । আর পশ্চিমবঙ্গ যে এই তথ্যপ্রযুক্তিতে ক্রমাগত এগিয়ে চলছে তাও আমরা বুঝতে এবং দেখতে পারছি বিভিন্ন মিডিয়াতে । এবং আমাদের বাস্তব অভিজ্ঞতাতেও ।

কিন্তু এই তথ্যপ্রযুক্তির সুবিধাকে সমস্ত স্তরের মানুষদের কাছে পৌছে দিতে হবে । আর সেটা করা সম্ভব কম্পিউটারে মাতৃভাষা ব্যবহারের মাধ্যমে । গ্রামে গ্রামে শুধু কম্পিউটার আর ইন্টারনেট পৌছে দিলেই হবে না । ইন্টারনেটে যদি বাংলা ভাষায় পড়ার মত উপযুক্ত বিষয় না থাকে তাহলে কখনই আমাদের তথ্যপ্রযুক্তিকে সর্বস্তরে পৌছে দেওয়ার স্বপ্ন সফল হবে না । তাই বাংলার সাধারন মানুষের হাতে পৌছে দিতে হবে জগতের সব তথ্য । আমাদেরই মাতৃভাষায় - বাংলা ভাষায় ।

ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শনশাস্ত্র, ভাষাবিজ্ঞান, গণিত, প্রভৃতি বিষয়ের সঙ্কলন হল বিশ্বকোষ । অর্থাৎ বিশ্বকোষ এমন একটি জিনিস যাতে সমস্ত কিছুর উপরেই তথ্য পাওয়া যেতে পারে । কিন্তু বাংলায় লেখা আধুনিক এবং সম্পূর্ণ বিশ্বকোষের অভাব রয়েছে । আর তার দামও বিশাল । অধিকাংশ মানুষের পক্ষেই তা কেনা সম্ভব নয় । আর এই বাংলা বিশ্বকোষের বদলে পড়া যেতে পারে ইংরাজি বিশ্বকোষ যেমন এনকার্টা, বা ব্রিটানিকা । এখন যাঁদের ইংরাজি জ্ঞান কম তাঁদের পক্ষে এগুলি পড়া সম্ভব নয় । আর ইংল্যান্ড বা আমেরিকা থেকে প্রকাশিত হওয়ার জন্য এগুলিতে ভারতীয় বা বাংলার বিষয় কম থাকে । বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে যদি আপনার আগ্রহ থাকে তাহলে ব্রিটানিকা বা এনকার্টা থেকে আপনি বেশি তথ্য পাবেন না ।
আর ভারত বা বাংলার বিষয়গুলি এই বিদেশি বিশ্বকোষগুলিতে লেখা হয় বিদেশী দৃষ্টিকোন থেকে সেগুলি পড়ে আমাদের যদি নিজেদের সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত, ইতিহাস সম্পর্কে জানতে হয় তার থেকে দুঃখজনক আর কিছু নেই ।

অনেকেই হয়ত অবগত আছেন ইংরাজি উইকিপিডিয়া সম্পর্কে । এটি পৃথিবীর সবথেকে বড় উইকিপিডিয়া । কিন্তু অনেকে হয়ত জানেন না যে উইকিপিডিয়ার একটি বাংলা সংস্করণও আছে । ইন্টারনেটে বাংলা বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া (bn.wikipedia.org) লেখার কাজ চলেছে প্রায় বছর দুই ধরে । এর মধ্যেই সতেরো হাজারেরও বেশি নিবন্ধ তৈরি করা হয়েছে । কিন্তু এই নিবন্ধের অনেকগুলিই রয়েছে প্রাথমিক অবস্থায় । তাই এই নিবন্ধগুলিকে আরো এগিয়ে নিয়ে যাবার জন্য দরকার স্বেচ্ছাসেবকের । এরমধ্যেই বাংলাদেশ থেকে বহু মানুষ এগিয়ে এসেছেন । কিন্তু খুবই দুঃখের বিষয় এই যে পশ্চিমবঙ্গ থেকে স্বেচ্ছাসেবকের সংখ্যা নামমাত্র । আমারা পশ্চিমবঙ্গের মানুষের আমাদের রাজ্যে তথ্যপ্রযুক্তির উন্নতি নিয়ে খুবই গর্ব করি বটে কিন্তু বাংলা উইকিপিডিয়ার ব্যাপারে আমরা খুবই পিছিয়ে আছি ।

বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের দ্বারা পশ্চিমবঙ্গের সমস্ত বিষয় নিয়ে লেখা সম্ভব নয় । বলুন তো কলেজ স্ট্রিট কফি হাউসের উপর নিবন্ধ লিখতে গেলে তো এরকম মানুষকেই প্রয়োজন যাঁর এখানে নিয়মিত যাতায়াত আছে । অথবা কলকাতা বইমেলা নিয়ে লিখতে গেল এরকম মানুষ প্রয়োজন যিনি এখানে ঘুরে বেড়িয়েছেন । আর বাংলা উইকিপিডিয়াতে লিখতে গেলে কোন বিশেষজ্ঞ হবার প্রয়োজন নেই । আপনার শিক্ষাগত যোগ্যতা বা বয়েস কোনটাই বিচারযোগ্য নয় । শুধু ইচ্ছেটাই এখানে বড় কথা । সমস্ত কাজের মধ্যেও আপনি যদি রোজ মাত্র একলাইন করেও বাংলা উইকিপিডিয়ায় লেখেন তাহলেও বছরে ৩৬৫ লাইন লেখা হয় । আর অনেকে যদি অল্প অল্প লেখেন তাহলে এই বিন্দু বিন্দু করেই আমরা সবাই মালিক হতে পারি এক বিরাট বাংলা বিশ্বকোষের । আর যদি আপনার মনে হয় যে কোন বিষয়েই জ্ঞান নেই (যেটা আসলে ভুল) তা হলেও আপনি বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদান রাখতে পারেন ইংরাজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বা বানান এবং ব্যকরনগত সমস্যা দূর করে ।

বাংলাদেশের স্বেচ্ছাসেবকেরা যদি বাংলা উইকিপিডিয়ার উন্নতিতে এগিয়ে আসতে পারেন তাহলে আমরাই বা কেন পিছিয়ে থাকব? তাই আসুন আমরা গঠনমূলক এই প্রজেক্টে অংশগ্রহন করে আমাদের ভবিষ্যৎ সমাজের হাতে তুলে দিই বাংলা ভাষায় এক চমৎকার বিশ্বকোষ ।

Wednesday, August 02, 2006

বাংলা লেখার সময় ইউনিকোড ফন্ট ব্যবহার করুন

এটা খুবই দুঃখের বিষয় যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বড় বড় সংস্থারা কেউই প্রায় কম্পিউটারে বাংলা লেখার সময়া ইউনিকোড ফন্ট ব্যবহার করছে না । যেমন পশ্চিমবঙ্গের দৈনিক পত্রিকাগুলি যেমন আনন্দবাজার, বর্তমান, আজকাল বা প্রতিদিন কেউই তাদের ওয়েবসাইটে ইউনিকোড ফন্ট ব্যবহার করে না । বাংলাদেশের কাগজ গুলোরও একই অবস্থা । এদের নিজেদের মধ্যে কোনও মিল নেই । যেমন আপনার কম্পিউটারে আনন্দবাজারের ফন্ট ইনস্টল থাকলে আপনি বর্তমানের ওয়েবসাইট দেখতে পাবেন না । তার জন্য আপনাকে আলাদা করে ফন্ট ইনস্টল করতে হবে । আর এইসব ফন্টগুলি কোন সার্চ ইঞ্জিন পড়তে পারে না । ফলে আপনি গুগুল বা ইয়াহুতে সার্চ করলে বাংলা খবরের কোন লিঙ্ক পাবেন না । তারপর এইসব ফন্ট ব্যবহার করলে সেটা সার্চ করাও যায় না । ফলে আপনি বিরাট কোন প্রবন্ধের ভিতর থেকে কোনো শব্দ সার্চ করে বের করতে পারবেন না । তারপর অনেকে দাবি করে তাদের সাইট কেবল মাত্র ইন্টারনেট এক্সপ্লোরার দিয়েই দেখতে হবে অন্য কোন ব্রাউজার ব্যবহার করা যাবে না । এটি একটি অযৌক্তিক দাবি ।

অথচ ইউনিকোড বাংলা ফন্ট ব্যবহার করলে এইসমস্ত সমস্যার সমাধান করা সম্ভব । যদি সমস্ত বাংলা সাইট ইউনিকোড ফন্টে লেখা হয় তবে একটি মাত্র ইউনিকোড ফন্ট কম্পিউটারে ইনস্টল থাকলেই সমস্ত সাইট দেখা যাবে । আর ইউনিকোডের সুবিধাও প্রচুর । এর ফলে সাইটগুলি পুরোপুরি ভাবে সার্চ ইঞ্জিনের আওতায় এসে যাবে এবং কোন লেখা খুঁজে পাওয়াও সহজ হবে । এছাড়া একই লেখার মধ্যে যদি বিভিন্ন ভাষার লিপি ব্যবহার করার দরকার হয় তাহলে তা সহজেই করা যাবে । আপনি সহজেই গুগুলে সরাসরি বাংলায় টাইপ করে সার্চ করে এই পাতা গুলো খুঁজে পাবেন ।

ইউনিকোড ব্যবহার করার উপযোগিতার প্রমান স্বরূপ বলা যায় যে বড় বড় আন্তর্জাতিক সংস্থাগুলি বাংলা লেখার ক্ষেত্রে ইউনিকোড বাংলা ফন্টকেই বেছে নিয়েছে । যেমন মাইক্রোসফট, বিবিসি, উইকিপিডিয়া, । আশার কথা যে পশ্চিমবঙ্গ সরকারও সাইটে বাংলা লেখার ক্ষেত্রে ইউনিকোড বাংলা ব্যবহার করছেন । ইউনিকোড বাংলা দিয়ে কত সুন্দর সার্চ যোগ্য পোর্টাল তৈরি করা সম্ভব তা জানতে দেখুন বাংলা উইকিপিডিয়া (bn.wikipedia.org) ।

অনেকের মনেই ধারনা আছে যে বাংলায় টাইপ করা খুব ভজঘট । আমিও তাই ভাবতাম । কিন্তু বর্তমানে আমি অভ্র কি বোর্ডের সাহায্যে খুব তাড়াতাড়ি বাংলা টাইপ করতে পারি । অন্তত হাতে লেখার চেয়ে তো বটেই । অভ্র কি বোর্ড কোন বিশেষ রকমের কিবোর্ড নয় এটি একটি সফটওয়্যার যার সাহায্যে ইংরাজী কিবোর্ড দিয়েই বাংলা টাইপ করা সম্ভব । বাংলা ইউনিকোড ফন্টের সাহায্যে বাংলায় মেল করা সম্ভব এবং চ্যাটিং করা সম্ভব । তাই যাঁরা বাংলা লেখার জন্য রোমান হরফ ব্যবহার করছেন তাঁদের বলি বাংলা ইউনিকোড হরফ ব্যবহার করুন । অভ্র কি বোর্ড একটি ফ্রী সফটওয়্যার এটি আপনি ডাউনলোড করতে পারবেন www.omicronlab.com থেকে । আর এই সফটওয়্যারটির সাহায্যে আপনি নোটপ্যাড বা এমএস ওয়ার্ডে সরাসরি বাংলায় টাইপ করতে পারবেন । এবং ফরম্যাটিংয়ের সমস্ত রকম সুবিধা পাবেন । একটু প্র্যাকটিস করলেই দেখবেন আপনি কত তাড়াতাড়ি টাইপ করতে পারছেন ।

তাই দেরি না করে বাংলিশ ছাড়ুন আর উপভোগ করুন বাংলা লিপিতে বাংলা পড়ার আনন্দ ।

Saturday, July 29, 2006

বাংলা উইকিপিডিয়া

আমরা অনেকেই আমাদের ব্যক্তিগত প্রয়োজনের জন্য উইকিপিডিয়া (wikipedia.org) ব্যবহার করে থাকি । কোনো তথ্য খুঁজতে হলে ইন্টারনেটে ইতস্তত খোঁজাখুঁজি না করে যদি প্রথমেই উইকিপিডিয়াতে খোঁজা যায় তাহলে দেখেছি অনেক ভাল ফল পাওয়া যায় । ইংরাজী উইকিপিডিয়াতে (en.wikipedia.org) বর্তমানে ১২,৭৬,৪১৪ টি প্রবন্ধ আছে । যা পৃথিবীর অন্য কোন এনসাইক্লোপিডিয়ার থেকে অনেক বড় ।
উইকিপিডিয়ার এত বিশাল আকার হওয়ার কারন হল যে কেউ এই প্রবন্ধগুলি সম্পাদনা করতে পারে । এবং নতুন প্রবন্ধ সৃষ্টি করতে পারে । উইকিপিডিয়ার সব তথ্যই যে সম্পূর্ণ সঠিক তা নয় তবে একজনের ভুল অন্যজনের দ্বারা ঠিক হয় বলে ক্রমশ ভুলের পরিমান কমে আসে ।
আমরা অনেকেই শুধু ইংরাজী উইকিপিডিয়া ব্যবহার করি । আমরা অনেকেই জানি না যে উইকিপিডিয়া ইংরাজী ছাড়াও আরো ২২৮ টি ভাষায় কাজ করে । যার মধ্যে বেশ কিছু ভারতীয় ভাষাও রয়েছে । আমি ব্যক্তিগত ভাবে বাংলা উইকিপিডিয়াতে (bn.wikipedia.org) কিছু নতুন প্রবন্ধ যোগ করেছি এবং কিছু সম্পাদনাও করেছি । বর্তমান বাংলা উইকিপিডিয়াতে প্রবন্ধের সংখ্যা হল ৩৪৯০টি । সংখ্যার বিচারে বাংলা ৬৯ স্থানে আছে । (http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias) এবং খুব তাড়াতাড়ি অগ্রগতি ঘটছে । বাংলা উইকিপিডিয়া ইউনিকোড বাংলা ব্যবহার করে । অর্থাৎ আপনি যদি আমার এই এই ব্লগটা ঠিকভাবে দেখতে পান তাহলে বাংলা উইকিপিডিয়াও ঠিক ভাবে দেখতে পাবেন ।
অন্যান্য ভারতীয় ভাষাতেও কাজ চলছে সব গুলির অবস্থা আশাব্যঞ্জক নয় তবে আশা করা যেতে পারে পরবর্তী কয়েক বছরে অবস্থার অনেক উন্নতি ঘটবে ।

কয়েকটি দক্ষিন এশিয় ভাষায় বর্তমান প্রবন্ধের সংখ্যা

মারাঠি : ৪৮২১ তামিল : ৩৪৮১ তেলেগু : ৩৩০০ কন্নড় :২৬০৮ উর্দু : ১৭১৫
হিন্দি : ১৪৮৮ মালয়ালম : ৬৭৬ সংস্কৃত : ৬১৫ কাশ্মিরী : ২৯৭
গুজরাটী : ২১২ নেপালী : ১২৬ সিংহলি : ১২৫ সিন্ধি : ৭৬
পাঞ্জাবি : ৪৯ ভোজপুরি : ৬ অসমীয়া : ৫ পালি : ৩

সুতরাং দেখা যাচ্ছে দক্ষিন ভারতীয় ভাষার মধ্যে বাংলা এখন দু নম্বরে মারাঠির পরেই । কিন্তু অনেক প্রবন্ধই একেবারে প্রাথমিক স্তরে আছে । তাই বাঙালি হিসাবে আমাদের সকলেরই কর্তব্য আমাদের কাছে অল্প স্বল্প যা কিছু তথ্য আছে তা যে ব্যাপরেই হোক না কেন এক লাইন দু লাইন হলেও বাংলা উইকিপিডিয়ায় দেওয়া । আপনার যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে বাংলা উইকিপিডিয়ার প্রশাসকদের সাহায্য আপনি সহজেই পাবেন ।

আরো বিশদ জানতে ও সাহায্যের জন্য মেল করুন রাগিব হাসান কে (ragibhasan@gmail.com) । ইনি বাংলা ও ইংরাজী উইকিপিডিয়ার একজন প্রশাসক এবং এখন বাংলা উইকিপিডিয়া নিয়ে পুরোদমে কাজ করছেন ।

Wednesday, May 03, 2006

কি করে বাংলা লিখি

আমার আগের পোস্টের কমেন্টে একজন অনুরোধ করেছে কি করে বাংলা লেখা যায় তা জানাতে । আমি জানাই যে বর্তমানে কমপিউটারে বাংলা লেখা এবং ওয়েবপেজে বাংলা হরফে লেখা দেওয়ার কোন অসুবিধা নেই । তবে সবসময় ইউনিকোড বাংলা ফন্টে লিখতে হবে । কারন এটাই বাংলা লেখার সবথেকে সুবিধাজনক এবং আর্ন্তজাতিক পদ্ধতি । মাইক্রোসফট, গুগল, উইকিপিডিয়া, বিবিসি র মতো সংস্থারা বাংলা এবং অন্যান্য ভাষা লেখার সময় ইউনিকোড বাংলা লিপিই ব্যবহার করছে । পরবর্তীকালে বাংলা লেখার জন্য ইউনিকোড লিপি ছাড়া অন্যান্য লিপিগুলি লুপ্ত হয়ে যাবে ।

আমি বাংলা লেখার জন্য অভ্র কিবোর্ড ব্যবহার করছি । এটি www.omicronlab.com থেকে ডাউনলোড করা যাবে । এটি কোন টেক্সট এডিটর নয় । তবে এটি ইনস্টল করলে সরাসরি ব্লগার এর টেক্সট ফিল্ডে সরাসরি বাংলায় টাইপ করা যাবে অথবা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে নিয়ে তারপর পেস্ট করা যাবে । এটি একটি সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার । এর সাহায্যে বাংলা হরফে সার্চিং, চ্যাটিং, ই-মেল এবং আমার মত ব্লগিং সবই করা যাবে । সফটওয়্যারটির সঙ্গে বাংলাতে খুব সুন্দর ডকুমেন্টেসন রয়েছে । যা একবার পড়ে নিলে এটা ব্যবহার করতে কোন অসুবিধা হয় না । এতে বেশ কিছু কিবোর্ড লেআউট রয়েছে তবে তার মধ্যে বর্ণনা কিবোর্ড লেআউটটা ব্যবহার করা সবথেকে সোজা । তাছাড়া এই সাইট থেকে বেশ কিছু ইউনিকোড বাংলা ফন্টও ডাউনলোড করতে পারবেন । কমপিউটারে যেকোন একটি ইউনিকোড ৪.১ কমপ্যাটিবল বাংলা ফন্ট থাকলেই এই ওয়েবপেজ ভালভাবে পড়া যাবে । একটি ইউনিকোড বাংলা ফন্ট Vrinda উইনডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ এর ভিতরেই দেওয়া আছে । তাই আমি সবাইকে জানাতে চাই যে যারা বাংলাভাষায় ওয়েবপেজ বানাতে চাইছেন তারা অবশ্যই বাংলা লিপি ব্যবহার করুন এবং খেয়াল রাখুন যাতে সেটা ইউনিকোড বাংলা লিপি হয় । আমি এখানে কিছু বাংলা ওয়েব পেজের ঠিকানা দিলাম যা দেখলে এ ব্যাপারে ধারনা আরো পরিস্কার হবে ।

http://bd.chinabroadcast.cn/

http://banglarkrishi.nic.in/

http://www.nishorga.com/

http://www.abolombon.org/

http://omicronlab.com/forum/--t359.html

http://mokabela.blogspot.com/2006/03/blog-post_27.html

http://www.bbc.co.uk/bengali

http://www.snewaj.com/writings/cholejaoa.html

বাংলায় ব্লগ লেখার ইচ্ছা বহুদিন ধরেই হচ্ছিল । এতদিনে সেটা সফল হল । যদিও বাংলায় আমার টাইপ স্পীড খুব বেশি নয় তাই একটু অসুবিধা হচ্ছে । কিন্তু মনের ভাব প্রকাশ যদি বাংলাতে ঠিক ভাবে করা না যায় তাহলে ভাল লাগে না । এতদিন আমাদের ধারণা ছিল যে কমপিউটারের সব কাজ ইংরাজিতেই করতে হবে । কিন্তু এখন সেই ধারনা বদলাচ্ছে । বাংলাতেও কমপিউটারের সব কাজ যে করা সম্ভব তা আস্তে আস্তে মানুষের মনে ঢুকছে । আমরা একেবারেই চাই না যে বাংলা লিপির ব্যবহার কমতে থাকুক আর রোমান হরফে বাংলা লেখা বাড়তে থাকুক । রোমান হরফে বাংলা লেখা পড়ার থেকে কষ্টকর জিনিস আর আছে বলে মনে হয় না । তাই এ বিষয়ে আরো বেশী গবেষনা করতে হবে যে কি করে বাংলা টাইপিং আরো সহজ করা যায় ।

যাক সিরিয়াস কথা অনেক হল । যদিও আমি যে একেবারেই সিরিয়াস প্রকৃতির নই তা যারা আমার bongcomet.blogspot.com পড়েছেন তারাই জানেন । ভুলভাল এবং ছিটকানো টাইপের লোকজনই আমার পছন্দের । আমি কোনো মানুষ বা ঘটনাকে একই সাথে কয়েকটি আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখতে ভালবাসি । কোনো রকমের একপেশে জিনিস আমার পছন্দ নয় । যাক আজকে আর বেশী কথা নয় প্রথম দিনেই তালে বদহজম হয়ে যাবে । তারপর রাতও অনেক হয়েছে একটু ঘুম ঘুম ভাবও এসেছে । পরে আবার কিছু লেখা যাবে ।